এইমাত্র পাওয়া

ডুয়েটের নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক।। 

নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার দুপুরে ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’ স্লোগান দিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন আন্দোলনকারীরা।

তাদের দাবি, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের প্রস্তাব তাদের।

নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা।

এর আগে দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার রাতে ডুয়েটের পাশের ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গতকাল দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে। তিনি এখন সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে কাজ করছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.