এইচএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) গণমাধ্যমকে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, গত বছরের চেয়ে এবার ফল ভালো হয়েছে না কি খারাপ হয়েছে সেটি এখনই বলা সম্ভব নয়। ফল প্রকাশের আগেরদিন ফলাফল ‘ডি-কোড’ করা হয়। কাজেই এ মুহূর্তে এটি বলা সম্ভব নয়।

গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হয়। তবে এবার বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল। ওই তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হয় অক্টোবরের প্রথম সপ্তাহে। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেয়া হয়েছে।

এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন এবং ছাত্রী ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন এবং ছাত্রী ৪৩ হাজার ১৪৪ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.