তিস্তায় গোসলে নেমে ২ এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

রংপুরঃ জেলার গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দুই এইচএসসি পরীক্ষার্থী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তারা।

তারা হলেন, নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে মুন্না মিয়া (১৮) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে নাইস আহমেদ (১৯)।

তারা দুজনই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তার নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নোহালী ইউনিয়নের কচুয়া বাজারের পাশে তিস্তা নদীর ধারে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন ছয়জন। বেলা সাড়ে ১১টার দিকে চারজন ওপরে উঠে আসলেও মুন্না ও নাইস তলিয়ে যায়। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাত কর্মীসহ রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.