ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজারঃ জেলার শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগানে অবস্থিত র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে খণ্ডকালীন শিক্ষক শয়ন তাঁতীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ভুক্তভোগীর মা শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যৌন হয়রানির ঘটনাটি গত ২৭ আগস্ট সকাল ৯ টার দিকে স্কুলের সপ্তম শ্রেণির ক্লাসরুমে ঘটে। এতদিন পর ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘স্যার গত তিনমাস যাবৎ আমাকে নানা উপায়ে বিরক্ত করে আসছিল। তিনি বিভিন্ন ইঙ্গিতে কুপ্রস্তাব দিয়েছেন। আমি রাজি হইনি। গত ২৭ আগস্ট সকালে স্কুলে ক্লাস শুরুর আগে শিক্ষক শয়ন তাঁতি সপ্তম শ্রেণির সি সেকশনের ক্লাসরুমের ভেতর ডেকে নিয়ে যায়। তখন আমার সঙ্গে বান্ধবী ছিল, ওই শিক্ষক বান্ধবীকে পানি আনতে পাঠিয়ে দেন। সে সময় আমাকে প্রেমের প্রস্তাবসহ নানা ধরনের প্রস্তাব দেন তিনি।’

র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল হক বলেন, ‘যৌন হয়রানির ঘটনায় আমার বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক শয়ন তাঁতির ওপর একটা অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সভাপতি বরাবর ছাত্রীর পরিবার অভিযোগ দিয়েছে। যেহেতু অস্থায়ীভাবে সে চাকরি করছিল, তাই আমরা তাকে বহিষ্কার করেছি। তাকে শিক্ষক প্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু পুরাতন ছাত্ররা এই বিচারে সন্তুষ্ট নয়, তাই তারা সবাই মিলে স্কুলে আন্দোলন করেছে। আমি একজন নিয়োগকারী কর্মকর্তা হিসেবে তাকে চাকরি থেকে বাদ দিতে পারি, কিন্তু তাকে শাস্তি দেওয়াটা তো আমাদের নিয়মের মধ্যে পরে না।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দূর্জয় সরকার বলেন, ‘সোমবার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় যৌন হয়রানির বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরই অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগ দেওয়ার পর শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.