ঢালাওভাবে নয় র‌্যাংকিং দেখে পিএইচডির অনুমতি দেয়ার পরামর্শ

ধাকাঃ মান নিয়ে নানা প্রশ্ন থাকার পরও এবার পিএইচডি ডিগ্রি দেয়ার অনুমতি পেতে যাচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিধিমালা তৈরির কাজ শুরু করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে ঢালাওভাবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির মতো গবেষণাধর্মী ডিগ্রি অনুমতি না দেয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের।

দেশের ১১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের নেই স্থায়ী ক্যাম্পাস, নেই গবেষণার পরিবেশ। তাই এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ফলে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক কালো তালিকাভুক্ত হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ও।

তবে আছে ভিন্নতা আর ব্যতিক্রমও। বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিশ্ব র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান করে নিয়েছে। কিন্তু আইন অনুযায়ী পিএইচডি ডিগ্রি দেয়ার সুযোগ নেই তাদের। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি দেয়ার অনুমতি পেতে যাচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন সম্প্রতি সময় সংবাদকে বলেন, এক জন, দুই জন ও তিন জন প্রফেসর আছেন সেইসব বিশ্ববিদ্যালয়ে যদি পিএইচডি ডিগ্রির অনুমতি দেয়া হয়, আর যারা লেখাপড়ার র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে অনেক বিশ্ববিদ্যালয়ের আছে তাদের দেয়া হবে না, এটা কোনোরকমই বোধগম্য নয়। আমার মনে হয়, এই নীতিমালাটা পরিবর্তন করা উচিত।

ঢালাওভাবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি দেয়ার অনুমতি না দিয়ে মানসম্মত শিক্ষাদানে সক্ষম, গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কে পিএইচডি ডিগ্রি দেয়ার অনুমতি দেয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান বলেন, র‌্যাংকিং একটা জিনিস চিন্তা করা উচিত প্রথমত। তাদের অবস্থানটা কোথায় আছে গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাংকিংটা দেখা, দ্বিতীয় আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ওই বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোর পাশাপাশি পড়ালেখার পরিবেশ আছে কিনা, ক্যাম্পাস পরিবেশ আছে কি না সেটা দেখার।

ইতোমধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে মঞ্জুরি কমিশন। নির্দিষ্ট মানদণ্ডের মাধ্যমে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলো এ গবেষণাধর্মী ডিগ্রি দেয়ার সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিধি করতে অচিরেই এ কাজে হাত দিবে কমিশন। হয়ত একটি বিধি করে কমিশনে উত্থাপন করে ফুল কমিশনে পাস করে গেজেট প্রকাশ করে শিক্ষামন্ত্রণালয়ে পাঠানো হবে।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনকে যুগোপযোগী করার লক্ষ্যে সংশোধনের উদ্যোগও নেয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.