এইমাত্র পাওয়া

‘হিজাব পরতে হলে স্কুলে নয়, মাদ্রাসায় ভর্তি হও’

রাঙ্গামাটিঃ ‘হিজাব পরলে বিদ্যালয়ে নয়, মাদ্রায় গিয়ে ভর্তি হও; অন্যথায় এই বিদ্যালয়ে হিজাব পরে আসতে পারবা না’ -এমন মন্তব্য করে নিজ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জোরপূর্বক হিজাব খুলে ফেলতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। তিনি রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপালী দেওয়ান। বেত দিয়ে মারধরের ভয় দেখিয়ে তিনি শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করেন। এই বিষয়ে গতকাল সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর পিতা নুর মোহাম্মদ।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, হিজাব পরে আসতে হলে স্কুলে নয়, মাদ্রায় গিয়ে ভর্তি হওয়ার জন্য মুসলিম হিজাবধারী শিক্ষার্থীদের শাসিয়ে দেন শ্রেণি শিক্ষিকা দিপালী দেওয়ান। এ ছাড়াও উক্ত শিক্ষিকার হাতে প্রায় সময় মুসলিম শিক্ষার্থীরা নাজেহাল হওয়ার অভিযোগও করেছে শিক্ষার্থীরা।

এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের নিকট লিখিত অভিযোগ দেয়। এরপর বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত জরুরি বৈঠকে এ ঘটনার সত্যতা পেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

পরবর্তীতে অভিযুক্ত সহকারী শিক্ষিকা দিপালী দেওয়ানকে লিখিত পত্রের মাধ্যমে তার সকল অযৌক্তিক (শিক্ষা কারিকুলাম ব্যতিরেকে) আচরণের তথ্য উল্লেখপূর্বক প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক।

এদিকে ঘটনাটি সম্পর্কে শিক্ষিকা দিপালী দেওয়ান বলেন, আমি বিষয়টি সেভাবে বলিনি, হিজাবের কারণে শিক্ষার্থীদের সময় ব্যয় হয় সেটি বোঝাতে গিয়ে বলেছিলাম। এখন বিষয়টি নিয়ে আমার প্রধান শিক্ষকও আমার প্রতি অবিচার করছেন। হিজাব পরা লেখাপড়ায় কীভাবে ব্যাঘাত ঘটায় এমন প্রশ্নের উত্তরে উক্ত শিক্ষিকা কোনো সদুত্তর দিতে পারেননি।

এদিকে শিক্ষক দিপালী দেওয়ানের বিরুদ্ধে রাঙ্গামাটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা নুর মোহাম্মদ।

এ বিষয়ে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক বলেন, আমরা বিষয়টি অবহিত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে শিক্ষকদের নিয়ে বৈঠক করে উক্ত শিক্ষিকাকে সতর্ক করে একটি চিঠিও দিয়েছি। হিজাব পরা বা না পরা নিয়ে আমাদের বিদ্যালয়ে কোনো ধরনের নিয়ম নেই এবং এটা শিক্ষানীতিতেও উল্লেখ নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading