সোহানা শারমিন তালুকদার। ছবিঃ সংগৃহীত

মহিলা কলেজ চট্টগ্রাম: দায়িত্ব ছাড়লেন বিধি ভেঙ্গে নিয়োগ পাওয়া সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন করে গভর্নিং বডি’কে ভুল বুঝিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া  চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন মহিলা কলেজ চট্টগ্রামের এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহানা শারমিন তালুকদারকে পদ থেকে সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি। একই সময়ে জ্যেষ্ঠতার বিধি মোতাবেক কলেজটির জ্যেষ্ঠ শিক্ষক সহকারী অধ্যাপক মুনিরা চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে মহিলা কলেজ চট্টগ্রামের গভর্নিং বডির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২০ আগস্ট ২০২৩ তারিখে ‘মহিলা কলেজ চট্টগ্রাম: জ্যেষ্ঠতার ৮ নম্বরে থাকা শিক্ষিকাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ‘ এবং ২৩ আগস্ট ২০২৩ তারিখে ‘মহিলা কলেজ চট্টগ্রাম: ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!’ শিরোনামে শিরোনামে শিক্ষাবার্তা’য় দুইটি সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষের কিছু কৃতকর্ম নিয়ে গত শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ তারিখে ‘এইচএসসি: অধ্যক্ষ স্বামীর কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্ত্রীর কলেজের কেন্দ্র পরিবর্তন’ শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করে শিক্ষাবার্তা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি সংশোধিত রেগুলেশনে ২০১৯-এর ধারা- ৪(ক)-এর ২(১) ও (২) ধারায় বলা আছে, কলেজ অধ্যক্ষ পদ শূন্য হলে অথবা অধ্যক্ষের অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠতম পাঁচজন শিক্ষকের মধ্য থেকে যেকোনো একজনকে দায়িত্ব দিতে হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই চাকরির শর্তাবলি সংশোধিত রেগুলেশন অ্যাক্টকে বাইপাস করে গভর্নিং বডিকে ভুল বুঝিয়ে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গত ০১ ফেব্রুয়ারি নিয়োগ নেন জ্যেষ্ঠতার তালিকায় ৮ নম্বরে থাকা সোহানা শারমিন তালুকদার। কলেজটির সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর চলতি বছরের ৩১ জানুয়ারি অবসরে গেলে অধ্যক্ষ পদটি শূন্য হয়।

এই ধূর্ত শিক্ষক সোহানা শারমিন তালুকদার ভারপ্রাপ্তের দায়িত্ব নেওয়ার পর প্রথমে গত ১৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত একটি চিঠি এবং গত ০১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজ ইমেইলে আরেকটি চিঠি দেওয়া হয়। এই দুই চিঠিই গায়েব করে দেন সোহানা শারমিন। পরবর্তীতে এই চিঠির বিষয়ে কলেজ গভর্নিং বডি এবং জ্যেষ্ঠ শিক্ষকরা জানতে পারলে এবং শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। অবশেষে রবিবার  কলেজটির গভর্নিং বডির সভাপতির দায়িত্বে থাকা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে গভর্নিং বডির সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সোহানা শারমিন তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে জ্যেষ্ঠতার বিধি অনুযায়ী সহকারী অধ্যাপক মুনিরা চৌধুরীকে ভারপ্রাপ্তের দায়িত্ব প্রদান করা হয়।

গভর্নিং বডির সভা সূত্রে জানা গেছে, সভায় সভাপতিসহ উপস্থিত সকল সদস্যবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে একমত হলেও দায়িত্ব ছাড়তে চাননি সোহানা শারমিন তালুকদার।

জানতে চাইলে গভর্নিং বডির কোনো সদস্যই নাম প্রকাশ করে কোনো বক্তব্য দিতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য শিক্ষাবার্তা’কে জানান, গভর্নিং বডির সভাপতির সভাপতিত্বে বলতে গেলে তাঁর নেতৃত্বে আমরা সকল সদস্যের ঐক্যমত্যের ভিত্তিতে জ্যেষ্ঠতার বিধি মেনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছি।

জানতে চাইলে কলেজটির জ্যেষ্ঠ শিক্ষক ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা শিক্ষাবার্তা’কে বলেন, একজন শিক্ষকের মধ্যে লোভ শব্দটি কখনোই থাকতে নেই। আমাদের কলেজের কথা বিবেচনা করতে হবে, শিক্ষার্থীদের পড়াশুনার মান বাড়ানোর কথা চিন্তা করতে হবে। যেহেতু কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চলে ফলে বিধি ভঙ্গ হয় এমন কোনো কর্মকান্ড পরিচালনা করা উচিত নয়। জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে কোনো মতভেদ নেই। সবাই মিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আমরা সহযোগিতা করব।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া জ্যেষ্ঠ শিক্ষক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মুনিরা চৌধুরী শিক্ষাবার্তা’কে বলেন, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অনুযায়ী কলেজটি পরিচালিত হয় সেহেতু এই বিধি লঙ্ঘন করে কোনো কিছু করার সুযোগ নেই। গভর্নিং বডি সেই রেগুলেশন অনুযায়ীই এই নিয়োগ দিয়েছেন। আমি গভর্নিং বডির সম্মানিত সভাপতি সহ সকল সদস্যবৃন্দ এবং আমার সহকর্মীদের সহযোগিতা চাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। তিনি জানান যতদ্রুত সম্ভব জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের আয়োজন করবেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদানে গভর্নিং বডির সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, মহিলা কলেজ চট্টগ্রাম এর গভর্নিং বডির ২৭/০৮/২০২৩ তারিখের ০৬ নং সভার ০৭ নং আলোচ্যসূচীর সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মুনিরা চৌধুরীকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর দায়িত্বভার অর্পন করা হলো।

নিয়মতান্ত্রিকভাবে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের এই সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন কলেজটির একাধিক শিক্ষক, অভিভাবক এবং সুধীজন। এরুপ সিদ্ধান্তে কলেজটির শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে জানান তারা। যুগান্তকারী এই সিদ্ধান্ত নেওয়ায় কলেজটির গভর্নিং বডির সভাপতি ও এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.