ঈদ উপহার পেলেন ২৮ হাজারের বেশি আনসার-ভিডিপি সদস্য

নিউজ ডেস্ক।। 

রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ঈদুল আজহা উপলক্ষ্যে বাহিনীর প্রায় সাড়ে ২৮ হাজার ৩৬৫ জন সদস্য ও কর্মচারীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে বাহিনীর উপ-পরিচালক (মিডিয়া) মো. আশিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি এবং বিভিন্ন ধরনের রান্নার মশলা।

মহাপরিচালক বলেন, সংস্কার পরিকল্পনা ২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত না হই। পেছনে ফিরে তাকানোর সময় এখন নয় বরং সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাহিনীর সক্ষমতা ক্রমেই বাড়ছে এবং সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে এ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। এ লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ সদস্য ও কর্মচারীদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। সংশ্লিষ্টদের মতে, ঈদ উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি সদস্যদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, প্রেরণা ও কর্মোদ্দীপনা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.