নিউজ ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে জমা দেওয়া প্রার্থীদের প্রায় এক তৃতীয়াংশই বর্তমান সরকারি দল বিএনপির সংসদ সদস্য (এমপি) কিংবা মন্ত্রীদের আত্মীয়স্বজন। তাদের মধ্যে আবার বেশ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন।
বিসিবি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান শুক্রবার (২২ মে) সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মনোনয়নপত্র যাছাই–বাছাই করার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জেলা ও বিভাগ ক্যাটাগরির প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে জানালেও ক্লাব ক্যাটাগরির নামগুলো রিটার্নিং কর্মকর্তা স্পষ্ট করেননি। তবে তার তথ্য অনুযায়ী, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একটি করে পরিচালক পদের বিপরীতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।
রংপুর বিভাগ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমীন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া–২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী।
সিলেট বিভাগে একক প্রার্থী হিসেবে পরিচালক হতে যাচ্ছেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট সিটি করপোরেশনে সরকার নিযুক্ত বর্তমান প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি। কাউন্সিলর হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে।
বাকি যে ৪টি বিভাগে নির্বাচন হতে যাচ্ছে, তার ৩টিতেই বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের আত্মীয়রা প্রার্থী হয়েছেন। ঢাকা বিভাগ থেকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান।
চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক প্রার্থী পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর–৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরীর চাচা মাঈন উদ্দিন চৌধুরী । খুলনা বিভাগের প্রার্থী শান্তনু ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও যশোর–৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলামের ভাই।
রিটার্নিং কর্মকর্তা প্রকাশ না করলেও বিভিন্ন সূত্রে ক্লাব ক্যাটাগরির প্রার্থীদের নাম জানা গেছে। এই ক্যাটাগরিতে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তিন সদস্য ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।
ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও ইয়াসির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–১০ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে।
তাদের বাইরে এই ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র তুলেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি আমিনুল ইসলামের বোর্ডে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন। ওই বোর্ড ভেঙে দেওয়ার কিছুদিন আগে যিনি পদত্যাগ করেছিলেন। এবারের নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হওয়া ফয়সালের বাবা আবুল কালাম কুমিল্লা–৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য।
মনোনয়নপত্র জমা দেওয়া বাকি প্রার্থীদেরও সিংহভাগই বর্তমান সরকারি দল বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত অথবা শীর্ষ নেতাদের আত্মীয়স্বজন। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে ১৮ জন, জেলা ও বিভাগে ১০ পদের বিপরীতে ১৪ জন এবং বিভিন্ন সংস্থার ক্যাটাগরি–৩–এ একজনের বিপরীতে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। ওই দিন ব্যালটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত করা হবে আরও ২ জন পরিচালক। এই ২৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে পরবর্তীতে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

