সিংগাইরে দুর্নীতিবাজ সেই প্রধান শিক্ষক বরখাস্ত!

মানিকগঞ্জঃ জেলার সিংগাইর উপজেলার উত্তর জামশা বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ সেই প্রধান শিক্ষক মো. আরিফুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আরিফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির সত্যতা পাওয়ায় গত মঙ্গলবার (১৫ আগস্ট) ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

জানা গেছে, প্রধান শিক্ষক আরিফুর রহমান ইতঃপূর্বে ৩৫ লাখ টাকা নিয়ে অবৈধভাবে তিনজন শিক্ষক ও দুইজন কর্মচারীকে নিয়োগ দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

টাকা আত্মসাৎ করা ছাড়াও তার বিরুদ্ধে স্কুলের ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, পানি বিশুদ্ধকরণ কিটস ও আইপিএসসহ বিভিন্ন মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে। এ নিয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত মোতাবেক তাকে গত ১২ ও ২২ জুলাই পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশের কোনো জবাব না দেয়ায় গত মঙ্গলবার কমিটির জরুরি সভায় তাকে সাময়িকভাবে বরখাস্ত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক বলেন, আমি কোনো অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত নই এবং আমি বরখাস্ত হওয়ার কোনো চিঠিও পাইনি। স্কুলে অনেক টাকার ঋণ আছে। আমি স্কুলের কাছে সেই ঋণের টাকা পাব।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আব্দুল হান্নান বলেন, এখনো অফিসিয়ালি চিঠি হাতে পাইনি। প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ার পর থেকে দাফতরিক সব কার্যক্রম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমেই চলবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.