সাঈদীর মৃত্যুতে শোক: এবার পাবনায় ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

পাবনাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় পাবনায় ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ ও সাধারণ রাব্বিউল ইসলাম সিমান্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে চূড়ান্তভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শেখ রকি, গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন খান, চাটমোহরের ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মামুন হোসেন, আতাইকুলা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক আশিক খান, ভূলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন, চাটমোহর উপজেলা ছাত্রলীগের কর্মী রাকিবুল হাসান ও বেড়া উপজেলা ছাত্রলীগের কর্মী আবু বকর সিদ্দিক প্রিন্স।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, দেলোয়ার হোসাইন সাঈদী আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি একজন যুদ্ধাপরাধী ছিলেন। তাকে নিয়ে কিছু ছাত্রলীগের নামধারী নেতাকর্মী শোক জানিয়ে পোস্ট দেয়। এটা দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্রলীগ এমন নীতি আদর্শহীন কাজ কোনোভাবেই করতে পারে না। মূলত কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শেই তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মিজানুর রহমান সবুজ আরও বলেন, তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদকে অবগত করা হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে বহিষ্কারের চিঠি পাঠানো হবে। এ জেলায় আরও কোনো নেতাকর্মী যদি ফেসবুকে পোস্ট দিয়ে থাকে তাহলে আমাদের নজরে আসলে এমন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.