শোক দিবসে সাঈদীর নামে দোয়া করায় স্কুলশিক্ষককে শোকজ

জামালপুরঃ জেলার সরিষাবাড়ীতে শোক দিবসের অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে দোয়া করায় স্কুলশিক্ষক আব্দুল আজিজকে শোকজ করা হয়েছে। তিনি উপজেলার চাপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ওই বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আজিজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের পাশাপাশি দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করেন। পরে বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক বাইরে আলোচনা করতে উপস্থিত সবাইকে নিষেধ করেন। কিন্তু এলাকার রাজনৈতিক নেতারা বিষয়টি জানতে পেরে বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির ওপর চাপ সৃষ্টি করেন এবং বিদ্যালয়ে দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রাখেন। পরে বিষয়টি নজরে আসলে ওই শিক্ষককে শোকজ করা হয়।

জানতে চাইলে মাওলানা আব্দুল আজিজ হক মুঠোফোনে বলেন, ২০০৪ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর হাত থেকে তিনি একটি পুরস্কার গ্রহণ করেছিলেন। কথাটি দোয়ার মধ্যে মনে পড়ে যায়, তাই তিনি তার জন্য দোয়া করেন। তবে বিষয়টি ভুল হয়েছে বলে প্রধান শিক্ষকসহ সকলের কাছে ক্ষমাপ্রার্থনা করেন তিনি।

সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, ঘটনাটি নজরে আসার পর তাকে শোকজ করা হয়েছে। এছাড়াও কেন তাকে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.