শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিতে এসে এক শিক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। পরে মিরপুর মডেল থানার সহায়তায় ওই শিক্ষার্থীকে তার নিজ কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে পরীক্ষা শুরুর আগমুহূর্তে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীকে কাফরুল থানার তার নিজ কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ।
এ বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এইসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা মিরপুর মডেল থানা থেকে সাপোর্ট কার্যক্রম পরিচালনা করছি। এ সময় মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে এক ছাত্রী চলে আসে যার কেন্দ্র কাফরুল থানার অন্য একটি প্রতিষ্ঠানে। পরে আমার ইন্সপেক্টর (অপারেশন) কামরুল আমার গাড়িতে তাকে তার নিজ কেন্দ্রে পৌঁছে দিয়ে আসে।’
পৌঁছে দেয়ার পর ওই ছাত্রী বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কামরুল বলেন, ‘আমাদের কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা, আমরা সেটাই করেছি। ওই ছাত্রীকে পৌঁছে দেয়ার পর সে খুবই খুশি হয়েছে। মন থেকে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে।’
এদিকে এবার আগে থেকেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রায় সবাই নির্ধারিত সময়েই কেন্দ্রে চলে যান। আর যারা একটু দেরিতে আসেন, তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ রেজিস্টারে লিখে নিয়ে প্রবেশ করতে হয়েছে।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। গতবারের চেয়ে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এবার পরীক্ষার জন্য ২ হাজার ৬৫৮টি কেন্দ্র ঠিক করা হয়েছে।
তবে বন্যার কারণে আজ (বৃহস্পতিবার) ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেয়ার কথা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ পরীক্ষার্থীর। এর মধ্যে ছাত্র ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন এবং ছাত্রী ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন। মোট কেন্দ্র ১ হাজার ৫৩৫ এবং মোট প্রতিষ্ঠান ৪ হাজার ৬৪৭টি।
আগামী ২৭ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা শুরু হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নেবে ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।
প্রশ্ন ফাঁস ঠেকাতে গত কয়েক বছরের মতো এবারও পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব কর্মকর্তাদের দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
