দশমিনায় জোয়ারে ডুবে আর ভাটায় জেগে উঠে দুই প্রাথমিক বিদ্যালয়

পটুয়াখালীঃ জেলার দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নে বেড়ি বঁাঁধ না থাকায় দু’টি প্রাথমিক বিদ্যালয় জোয়ারে ডুবে আর ভাটায় জেগে উঠে। ফলে বিদ্যালয় দু’টিতে নিয়মিত পাঠদান করা সম্ভব হয় না। শিক্ষার্থীরা পানি আর কাদার মধ্যে দিয়ে বিদ্যালয়ে আসতে-যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

জানা যায়, উপজেলার চরবোরহান ইউনিয়নের চার দিকে নদীবেষ্টিত। সামান্য জোয়ারেই দু-তিন ফুট পানি উঠে যায়। বেড়ি বাঁধ না থাকায় ১৩৩ নম্বর চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরশাহজালাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ বছর ধরে বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে দুই-তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। আবার ভাটার সময় পানি নেমে যায়। বিশেষ করে অমাবশ্যা ও পূর্ণিমায় জোয়ারের পানির চাপ বেশি থাকে, তখন বিদ্যালয় দু’টি ও ইউনিয়ন কমপ্লেক্সের সিঁড়ি পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

চরশাহজালাল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন, সকালে এসে তিনি দেখতে পান তেঁতুলিয়া নদীর জোয়ারের পানিতে বিদ্যালয়টি দুই-তিন ফুট পানিতে তলিয়ে রয়েছে। শ্রেণিকক্ষে পানি ঢুকে চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাসছে।

অপর দিকে ১৩৩ নম্বর চরবোরহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ হোসেন বলেন, জোয়ারের পানিতে ডুবে থাকায় বিদ্যালয়ে আসা শতাধিক শিক্ষার্থীদের নিয়ে তাদেরকে বিপাকে পড়তে হয়ে। ক্লাসরুমে পানির মধ্যে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হয়।

চরবোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজির আহম্মেদ সরদার এ বিষয়ে বলেন, চরবোরহান ইউনিয়নে বেড়ি বাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে তেঁতুলিয়া নদীর জোয়ারের পানিতে চরাঞ্চল প্লাবিত হয়, পূর্ণিমার জোয়ারের কারণে তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর পানি বাড়ছে। সেই কারণে বিদ্যালয়সহ চরাঞ্চলের বেশির ভাগ এলাকা তিন থেকে চার ফুট পানিতে ডুবে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে থাকায় আমাদের কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা ব্যাহত হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অনেক ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয়। জোয়ার ও ভাটার কারণে পানিতে শ্রেণিকক্ষ প্লাবিত হয়। এলাকায় বেড়ি বাঁধ দেয়া জরুরি হয়ে পড়েছে। বেড়ি বাঁধ হলেই সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাকা ভবনের কাজ চলমান রয়েছে। আর চরবোরহান ইউনিয়নের বেড়ি বাঁধের কাজ অতি জরুরি ভিত্তিতে শুরু করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.