পিরোজপুরঃ জেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে সেইসব স্কুলে প্রধান শিক্ষকে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। তিনিও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৯৯২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। আর এ সব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা এক লাখ ৩২ হাজার ২৬৭ জন। ওইসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক বেশীর ভাগ সময়ই প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় যথাযথভাবে পাঠদান করাতে পারেন না। ফলে একদিকে যেমন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিশুদের লেখাপড়া মারাত্মকভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের বাসিন্দা মিজান আকন জানান, আমাদের ইউনিয়নের দুটি স্কুলে প্রধান শিক্ষক নেই। ফলে সহকারী শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করানো হয়। তিনি প্রায় স্কুলে থাকেন না। কারণ বিভিন্ন অফিসিয়াল কাজে তিনি বাইরে থাকেন। ফলে স্কুলের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। আর মাঝে মাঝে দেখা যায় বিদ্যালয় ক্লাস চলার সময় শিক্ষার্থীরা বাইরে ঘোরাফেরা করছে।
জিজ্ঞেস করলে ওই শিশুরা বলে, স্যার নেই তাই আমরা বাইরে ঘোরাফেরা করি। স্বাভাবিক পাঠদান ফেরাতে স্কুলগুলোতে প্রধান শিক্ষক দেয়া এখনই দরকার।
তবে প্রধান শিক্ষক সংকটের ব্যাপারে সদর উপজেলার খানাকুনীয়ারি ১৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, সরকারি বিভিন্ন কর্মসূচিতে আমাদের যোগদান করা বাধ্যতামূলক। তাই বিভিন্ন কর্মসূচিতে যোগদান করার কারণে আমার নির্ধারিত ক্লাস অন্য শিক্ষককে দিয়ে নিতে হয়। মাঝে মধ্যে হয়তো দু’ একটি ক্লাস বাদ যায়। তবে সেটি মাঝেমধ্যে। প্রধান শিক্ষকের সংকট সমাধান হলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি বলেন, শূন্যপদে সহকর্মীদের বসানোয় প্রশাসনিক ব্যবস্থা অতটা মজবুত থাকে না। তবে বেশ কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় এ পদগুলো শূন্য হয়ে পড়েছে। তবে পদ পূরণে তারা পদোন্নতির বিষয়ে শিক্ষা অধিদফতরের আদেশের অপেক্ষায় আছেন। শূন্য পদগুলিতে শিক্ষক নিয়োগ দিতে পারলে সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

