শূন্য নম্বরে নয় যোগ্যতায় ভর্তির দাবি ইবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ শূন্য নম্বরে নয় যোগ্যতায় ভর্তি (পোষ্য কোটা) ও ই-ব্যাংকিং সেবা নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের উল্লেখিত দাবিগুলো হলো– শূন্য নম্বরে নয় যোগ্যতায় ভর্তি (পোষ্য কোটা), ই-ব্যাংকিং সেবা নিশ্চিত, ইন্টারনেট সেবা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন ক্লাসের জন্য ইন্টারনেট ব্যান্ডউইথ বাড়ানো, পরিবহন ভোগান্তি নিরসন ও ছুটির দিনে পর্যাপ্ত পরিবহন সেবা, সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তি নিরসন ও কর্মকর্তাদের কর্মবিরতির নামে হয়রানি বন্ধ করা।

শিক্ষার্থীরা বলেন, কর্মকর্তাদের সন্তানদের অনুত্তীর্ণ ফলাফলের গ্লানি ক্লাসের ৭০ জনকে বইতে হয়। এতে ৪ মাসের সেমিস্টার ৯ মাস পর্যন্ত চলে যায়। প্রশাসনকে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পরিবহন সেবা থাকে না। ৪৪ বছরে পদার্পণের পরেও ই-ব্যাংকিং সেবা শুরু করা হয়নি। শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারছেন না। এছাড়া এনালগ পদ্ধতিতে সার্টিফিকেট উত্তোলনে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কার্যালয়ে এসব দাবি উত্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূইয়া, প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক তপন কুমার জোদ্দার, পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম জানান, সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.