সাকা চৌধুরীর বাবার নামের স্কুলের নাম পরিবর্তন

চট্টগ্রামঃ জেলার হাটহাজারীতে প্রতিষ্ঠিত স্বাধীনতা বিরোধী হিসেবে পরিচিত ‘ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’-এর নাম পরিবর্তন করে ওই এলাকার নামে ‘রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ নামকরণ করতে আদেশ জারি করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফজলুল কাদের চৌধুরী ছিলেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাবা। স্কুলটি উপজেলার মেখল ইউনিয়ন ‘রহিমপুর’ গ্রামের ইছাপুর বাজারে অবস্থিত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে স্কুলটির নাম পরিবর্তন হয়ে রহিমপুর আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে নামকরণ করে আদেশ জারি করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বাবার নামে ছিল এ শিক্ষা প্রতিষ্ঠানটির নাম। ২০১২ সালে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, সড়ক ও স্থাপনা হতে যুদ্ধাপরাধী, রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের নাম পরিবর্তনের নির্দেশনা চেয়ে অধ্যাপক ড. মুনতাসীর মামুন হাইকোর্টে একটি রিট দায়ের করেন। শুনানি শেষে ২০১৬ সালের ৬ই ডিসেম্বর আদালত রায় দেন। রায়ে ৬০ দিনের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠান/স্থাপনা হতে যুদ্ধাপরাধী, রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশনা দেয়া হয়।

সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ মেনে গত বছরের ৩১শে অক্টোবর প্রতিষ্ঠানটির হাটহাজারীর ওই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি বাতিল করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বলেন, স্বাধীনতা বিরোধীর নামে থাকা হাটহাজারীর ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তনের জন্য কয়েকমাস আগে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। গত ৯ই জুলাই মন্ত্রণালয় সম্মতি দিয়ে চিঠি দেয়।

এর প্রেক্ষিতে স্থানীয় গ্রামের নামে রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে নামকরণ করে আদেশ জারি করা হয়। নাম পরিবর্তন করে নতুন সাইনবোর্ড টাঙানোর জন্য ওই শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বলা হয়েছে। ফজলুল কাদের চৌধুরীর নামে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, স্কুলের সভাপতি সেলিনা কাদের চৌধুরী দেশের বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক কাজী আব্বাস আলীকে মুঠোফোনে পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.