ধুনটে ৪১ শিক্ষা প্রতিষ্ঠানে তালা, বন্ধ পাঠদান

বগুড়াঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

সোমবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে থেকে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উপজেলায় এমপিওভুক্ত সবগুলো মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারছে না। তবে বিদ্যালয়ের অফিস কক্ষ খোলা রেখে শিক্ষকরা বসে আছেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা থাকায় বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। তারা বিদ্যালয়ে এসে ক্লাস করতে না পেরে বাড়ি ফিরে গেছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আলী জানান, বিটিএ’র সিদ্ধান্ত অনুযায়ী শ্রেণিকক্ষে তালা লাগিয়ে আমরা ক্লাস বর্জন কমূসচি পালন করছি। এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান রাখা হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, শিক্ষক সমিতির পক্ষ থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করছে শিক্ষকেরা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়টি উর্ধতন কর্মকতাকে জাননো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.