শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৭ জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০ জুলাই পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বুধবার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে শিক্ষা ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে গত ১১ জুন জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪৭টি শূন্য পদে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন (e- Application) আহ্বান করা হয়। e-Application জমা প্রদানের শেষ তারিখ ছিল ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। প্রার্থীদের আবেদনের সুবিধার্থে ওই সময়সীমা ২০ জুলাই রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের পর আর কোনো e Application গ্রহণ করা হবে না।’
এর আগে সেসিপ চাহিদার ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করতে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এনটিআরসিএর নিবন্ধনধারী প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন ট্রেডে ২৪৭ জন ট্রেড ইন্সট্রাক্টর নেওয়া হবে। মোট ১৯৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ২৪৭ জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ পাবেন। এর মধ্যে বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা ১৮৮ এবং মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা ৫৯। সব কটি এমপিওভুক্ত পদ।
সিভিল কনস্ট্রাকশন ট্রেডে ১১ জন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ৯৭, ড্রেস মেকিংয়ে ১৯, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে ১৯, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে ৫৬, জেনারেল ইলেকট্রনিকসে ১৭, জেনারেল মেকানিকসে ৩, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে ৮, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ১৬ ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে ১ জন।
আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। এনটিআরসিএর প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখে ৩৫ বছর বা এর কম হতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
