এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের মাঠে বসছে পশুর হাট

নারায়ণগঞ্জঃ জেলার আড়াইহাজারে একটি বিদ্যালয়ের মাঠে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কোরবানির পশুর হাট বসাচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ হাট বসানোর জন্য খুঁটি বসানো বন্ধ করে দেয়। তবে সন্ধ্যায়ই আবার পোঁতা শুরু হয়।

বেশ কয়েক বছর ধরে সুলতানসাদী বাজারের কাছে আতাউর রহমান মোল্লার ভিটেতে পশুর হাট বসে আসছে। চলতি বছর প্রশাসন থেকে সেখানে হাট বসানোর অনুমতিও নেওয়া হয়েছে। তবে জায়গা সংকটের অজুহাত দেখিয়ে সুলতানসাদী উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসানোর প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা।

বিদ্যালয়ের পাশের বাড়ির এমন কয়েকজন বলেন, ওই মাঠে গরুর হাট বসালে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। নোংরা আবর্জনার কারণে মাঠটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে হাট বসানোর পেছনে রয়েছেন ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মফিজুল ইসলামসহ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত রূপ মিয়া ও আব্দুল বাছেদ।

মফিজুল ইসলামের দাবি, আতাউরের মাঠে জায়গা না হওয়ায় বিদ্যালয় মাঠে হাট বসিয়েছেন।

সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান মিয়া বলেন, গরুর হাট বসানোর বিষয়টি তাঁরা জানতেন না। শুক্রবার সকালে কয়েকজন লোক মাঠে বাঁশের খুঁটি বসাতে যায়। এতে তিনি বাধা দেন এবং বিষয়টি উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের জানান।

ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জেনে শুক্রবার বিকেলে পুলিশ পাঠিয়েছিলেন। তাঁরা হাটের খুঁটি বাঁধার কাজ বন্ধ করে দেন। তবে সন্ধ্যার পর আবারও খুঁটি পোঁতা শুরু হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.