স্কুলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পরীক্ষা হলে হামলা: শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০

রংপুরঃ জেলার মিঠাপুকুর উপজেলার শাহ্‌ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পরীক্ষার হলে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকেলে দশম ও সপ্তম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বসে গল্প করছিল। এ সময় সিনিয়র-জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে রোববার দুপুরে শিক্ষকদের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, দুই পক্ষ অনড় থাকায় তা ভেস্তে যায়। এর মধ্যে পরীক্ষার সময় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ১৫-২০ জন বহিরাগত নিয়ে পরীক্ষার হলে ঢুকে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসানের খাতা টেনে নিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শিক্ষক মোখতার হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী ময়নুল, জিহাদ, উজ্জল, মামুন, রিয়াদসহ ১০ আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন এক শিক্ষক।

দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ জানায়, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। কিন্তু সপ্তম শ্রেণির ছাত্ররা বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা করে।

সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, দোষ আমাদের নয়। প্রথমে দশম শ্রেণির বড় ভাইয়েরাই অন্যায়ভাবে আমাদের মেরেছে।

প্রধান শিক্ষক ছয়ফুল ইসলাম সমকালকে বলেন, ‘ভুলবোঝাবুঝির কারণে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়েছে।’

থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুই পক্ষকে নিয়ে বসে সমঝোতা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.