নাটোরঃ জেলার গুরুদাসপুরের চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির গণিত (বহুনির্বাচনী অভীক্ষা) পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হচ্ছিল। পরীক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে পরীক্ষাটি স্থগিত করা হয়। রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয় রোববার সকাল ১০টায়। গণিত ও গণিত (বহুনির্বাচনী অভীক্ষা) পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসেছিল শিক্ষার্থীরা। প্রশ্নপত্র হাতে পেয়ে তারা ৭০ নম্বরের প্রশ্নপত্রের উত্তর লিখতে শুরু করে। পরে ৩০ নম্বরের ‘বহুনির্বাচনী অভীক্ষা’ প্রশ্ন পেলে তাদের সন্দেহ হয়। দুই শ্রেণির প্রশ্নপত্র মিলিয়ে দেখে শুধু শিরোনামে নবম ও দশম শ্রেণি লেখা; বাকি সব হুবহু। দুই শ্রেণিতে একই প্রশ্নপত্র হওয়ায় বিষয়টি তারা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানায়। তিনি পরীক্ষা স্থগিত রাখতে বলেন।
দশম শ্রেণির শিক্ষার্থী মো. রনি আহম্মেদ জানায়, নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র নবম শ্রেণির সঙ্গে দশম শ্রেণির হুবহু মিলে যায়। এ কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়।
নবম শ্রেণির শিক্ষার্থী শ্যামলী খাতুন জানায়, দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে তাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রস্তুতি নিয়ে এসেও পরীক্ষা স্থগিত হয়ে গেল।
অভিভাবক আব্দুল মোমিন জানান, বৃহস্পতিবার মেয়ে পরীক্ষা দিয়ে এসে জানায় প্রশ্নপত্র এলোমেলো ছিল। জীববিজ্ঞানের বহুনির্বাচনী অভীক্ষার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র দিয়েছিল রসায়নের। তদন্ত করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণে গুরুদাসপুরে ছিলাম। প্রশ্নপত্রের জন্য কমিটি করা ছিল। তাদের দায়িত্ব প্রশ্নপত্র সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে দেওয়া। তবে ভুলটি সম্ভবত কম্পিউটারে টাইপের কারণে হয়েছে। বিষয়টি জানার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষাটি নেওয়া হবে। এ ছাড়া তদন্ত কমিটি করা হবে। পরবর্তী সময়ে যেন এ রকম ভুল না হয় সে বিষয়ে শিক্ষক ও কর্তৃপক্ষ সজাগ থাকবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার জানান, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পাওয়ামাত্রই পরীক্ষা স্থগিত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
