নিউজ ডেস্ক।।
মাধ্যমিক স্তরে ওঠার পর শিক্ষার্থীদের একের পর এক বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করতে হয়। ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে এ প্রক্রিয়া চলে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের তিন দফা ফি গুনতে হয়, তেমনই শিক্ষকরাও এ রেজিস্ট্রেশনের কাজে জড়িয়ে পড়ায় ক্লাসে বিঘ্ন ঘটে। সার্ভার জটিলতা, প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগের অপ্রতুলতায় চরম ভোগান্তি পোহাতে হয় প্রধান শিক্ষকদেরও।
বছরজুড়ে দফায় দফায় নির্দেশনা দিয়েও অনেক সময় শতভাগ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হয় না। প্রযুক্তিগত জটিলতা, শিক্ষকদের কাজের চাপ এবং শিক্ষার্থীদের মানসিক চাপের কথা বিবেচনা করে অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জেএসসি পরীক্ষা স্থগিত আছে। তাছাড়া একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় এবং নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে থাকে। শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন বাড়তি চাপ সৃষ্টি করবে ও অভিভাবকদের মনে বিরূপ প্রভাব তৈরি করবে বিধায় সব শিক্ষা বোর্ডের আওতাধীন অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত করা প্রয়োজন।
এমতাবস্থায় দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডর আওতাধীন অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত বা বন্ধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো—বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন বাতিল করায় খুশি শিক্ষক-অভিভাবকরা। তারা শুধু এসএসসির পরীক্ষার আগে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন রাখার পক্ষে মত দিয়েছেন। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে বলেও মনে করেন তারা।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, শুধু অষ্টম শ্রেণির নয়, ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন বাতিল করা উচিত। এ দুটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কোনো দরকারই নেই। অযথা এসব প্রক্রিয়া শিক্ষায় বাড়তি ঝামেলার তৈরি করছে। শুধু নবম শ্রেণির রেজিস্ট্রেশন রেখে বাকি দুটি বাতিল করা হোক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

