নিউজ ডেস্ক।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বাংলাদেশের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। বুধবার (২০ মে) রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ের ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল চালুর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি শুধু গার্ল গাইডসদের মাঝে নেই, আমি আগামী বাংলাদেশের নেতাদের মাঝে আছি। আপনারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন।
নতুন কারিকুলাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবজীবনভিত্তিক দক্ষতা শেখানো হবে। তারা শিখবে কীভাবে ভালো নাগরিক হতে হয়, নিজের পরিবেশ পরিষ্কার রাখা, এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা।
তিনি বলেন, শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে গল্প, সৃজনশীলতা ও আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণের উপযোগী করে নতুন কারিকুলাম সাজানো হচ্ছে।
অনুষ্ঠানে নীলকমল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৫৭ জন হলদে পাখি সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গার্ল গাইডস্ নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

