নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা কার্যক্রমকে আরও গতিশীল করতে গঠিত অবসর সুবিধা বোর্ডের অষ্টম পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কৃতী সন্তান ও শিক্ষাবান্ধব সংগঠক প্রকৌশলী মো. আলমগীর হোসেন।
গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড আইন-২০০২” এর ধারা ৬ অনুযায়ী ২১ সদস্যবিশিষ্ট এ পরিচালনা পরিষদ আগামী তিন বছরের জন্য গঠন করা হয়েছে।
প্রকৌশলী মো. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষা, শিক্ষক সংগঠন ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি বর্তমানে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও পেশাজীবী সংগঠনেও রয়েছে তার উল্লেখযোগ্য সম্পৃক্ততা। তিনি ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্মাণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা বিস্তারে অবদানের অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুরে তার নিজ হাতে গড়া বলিদাপাড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। শিক্ষা উন্নয়ন, শিক্ষক অধিকার ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়ভাবে তিনি একজন পরোপকারী ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।
শিক্ষা মন্ত্রণালয়ের এ মনোনয়নের খবরে শিক্ষক-কর্মচারী মহল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, প্রকৌশলী আলমগীর হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্ব অবসর সুবিধা বোর্ডের কার্যক্রমকে আরও কার্যকর ও শিক্ষকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, তার মনোনয়নে কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলের শিক্ষক, শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, শিক্ষা ও শিক্ষক সমাজের কল্যাণে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

