নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাদরাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্ব প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত প্রচেষ্টায় সারাদেশে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৮০০ মাদরাসার ভবন তৈরির কাজ চলছে। মাদরাসা শিক্ষা নিয়ে যারা নোংরা রাজনীতি করছে, তারা দেখাতে পারবে না ১০০ কোটি টাকার কাজও করেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ স্কুল-কলেজ-মাদরাসায় সমানভাবে দেওয়ার চেষ্টা করি। জ্ঞান ও ধর্মীয় মূল্যবোধের বিষয়টা মাদরাসাতেই বেশি পাওয়া যায়। মাদরাসা শিক্ষাটা শুরুই হয়েছিল ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য। তবে সেখানে তিনটি বিষয় সংযুক্ত করে শিক্ষাটাকে সমমান করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে- আমার দেশের বিশাল জনগোষ্ঠী, মা-বাবা তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য মাদরাসায় পাঠায়। তবে তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ জন্য আলিয়া মাদরাসার কারিকুলাম সৃষ্টি হয়েছে, সেটা আন্তর্জাতিক মানসম্মত। তবে কওমি মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস ফাইভ কিংবা এইটের মর্যাদা পাচ্ছে কিনা আমরা জানি না। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। যাতে শিক্ষার্থীরা সমমানের মর্যাদা পায়।’
পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট খদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. অলিউজ্জামান চৌধুরী (টিটো), পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
