এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

মানিকগঞ্জের হরিরামপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ধূলশুড়া ইউনিয়নে এ ঘটনায় মামলা হয়েছে বলে হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন খান।

তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে চাঁদা দাবি করেন স্থানীয় ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিদ মাহমুদ ইসলাম রবিন ও তার সহযোগী হাবিবুল ইসলাম, সৌরভ, নয়ন, আমিনুল্লাহ ও তুষার হালদার।

গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে প্রধান শিক্ষক আলতাব হোসেন (৫৪) ও বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর শুভ্র দত্ত হরিরামপুরে অগ্রণী ব্যাংকের শাখায় যাচ্ছিলেন। পথে তাদের উপর অতর্কিত হামলা চালায় রবিন ও তার সহযোগীরা। এতে আলতাব হোসেন ও শুভ্র দত্ত আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওসি সুমন কুমার আদিত্য আরও জানান, স্থানীয় গঙ্গারামপুর গ্রামের নয়ন (২০) নামের এক যুবককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে হামলার কথা অস্বীকার করে তানজিদ মাহমুদ ইসলাম রবিন বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”

জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাত কুরাইশী সুমনের ভাষ্য, “শিক্ষকের উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রলীগের কোনো নেতা যদি হামলা সঙ্গে জড়িত থাকেন তাহলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি তাকে আইনের মুখোমুখি হতে হবে।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.