এইমাত্র পাওয়া

স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুক্তিবাদী মানুষ তৈরির সেক্ষেত্রে বিতর্ক সহায়ক ভূমিকা পালন করে। বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ্ম চিন্তায় উদ্বুদ্ধ করে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু একাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে বিতর্ক। এতে শাণিত হয় যুক্তি, পারদর্শিতা তৈরি হয় প্রমিত ভাষার ব্যবহারে।

তিনি বলেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করতে স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী, চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলামিস্ট সুভাষ সিংহ রায় এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অংশগ্রহণে একটি পলিসি বিতর্ক অনুষ্ঠিত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.