৭ দিনেও খোঁজ মেলেনি প্রাথমিক শিক্ষকের

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটঃ জেলার মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম (৩৫) নিখোঁজের ৭ দিনেও সন্ধ্যান মেলেনি। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাগেরহাটের সরুই এলাকা থেকে আদালতে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলে আর বাসায় ফেরেননি তিনি।

মহিদুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১৩৬ নম্বর গাজীরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একই এলাকার সেকান্দার আলীর ছেলে।

নিখোঁজের ছোট ভাই ওহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাই বাগেরহাট পৌরসভার সরুই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে। গত ১৬ ফেব্রুয়ারি আমাদের এলাকার আশরাফ শেখের ছেলে রিপন শেখের বিরুদ্ধে ২০১৮ সালে করা একটি হত্যা মামলায় আসামিপক্ষের তদবিরে সরুইয়ের বাসা থেকে খারদ্বার এলাকার কোর্টে যায়। আমার পরিচিতজনরা আমাকে বলে আমার ভাই দুপুর পর্যন্ত কোর্ট এলাকায় ছিল। এরপর তার ফোন বন্ধ, আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। আমি ইতোমধ্যে র‌্যাব-৬ এর কাছেও মহিদুলকে উদ্ধারের জন্য আবেদন করেছি।’

মহিদুলের স্ত্রী মৌসুমি খানম বলেন, ‘বাগেরহাট আদালতে চলমান একটি মামলার কাজে স্কুল থেকে ছুটি নিয়ে বাসা থেকে বের হয়ে বাগেরহাট আদালতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সে গত তিনদিন ধরে কিছু খাচ্ছে না। শুধু বাবা কোথায়, বাবা কোথায় বলে কান্না করছে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পরেছি, কী করব কিছু ভেবে পাচ্ছি না।’

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষক নিখোঁজের একটি সাধারণ ডায়েরি পেয়েছি। আমাদের তদন্ত চলছে। এখনো ওই শিক্ষকের কোন সন্ধান আমরা করতে পারিনি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি তার সন্ধান করতে পারব।’

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দজা বলেন, ‘সহকারী শিক্ষক মহিদুল ইসলাম নামের একজন নিখোঁজ রয়েছে এই মর্মে একটি অভিযোগের ভিত্তিতে আমরা খোঁজ নেওয়া শুরু করেছি। আমরা বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছি, এখন পর্যন্ত কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সন্ধ্যান পেলে আমরা আপনাদের জানাব।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.