এইমাত্র পাওয়া

ধর্ম অবমাননার অভিযোগে স্কুলশিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জেলার দাউদকান্দিতে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভের মুখে প্রীতম সরকার নামে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান এ কথা জানান।

তিনি বলেন, সমসাময়িক অসদাচরণ, ধর্মীয় অনুভূতিতে আঘাতজনিত কারণ ও চাকরিবিধি বর্হিভূত কর্মকাণ্ডের কারনে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয়রা বলেন, সোমবার দুপুরে নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ এবং নৈয়ার বাজারে অভিভাবক, এলাকাবাসী স্কুলের মাঠে ওই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করছে।

বিক্ষোভকারীরা জানান, প্রীতম তার ফেসবুকে আল্লাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তিন দিন আগে করা মন্তব্যটি জানাজানি হলে ছাত্র ও এলাকাবাসী সবাই প্রীতম সরকারের শাস্তির দাবিতে আজ বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী স্কুল মাঠে উপস্থিত হন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত হয়ে প্রীতম সরকারকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দিলে বিক্ষোভ স্থগিত হয়।

এদিকে এ ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন তাঁর ফেসবুকে ভিডিও বার্তায় সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করেন।

তিনি বলেন, নৈয়ার স্কুলের শিক্ষক প্রীতম সরকারের ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়। যে ব্যাক্তি হ্যাক করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে আছি। শিক্ষক প্রীতম সরকারকে জনরোষ থেকে রক্ষা করতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.