গুচ্ছে প্রক্সি দেওয়া ঢাবি ছাত্রের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক।।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির। এ সময় তার কাছ থেকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কার্ড উদ্ধার করা হয়। ওই হিসাবে ২৬ লাখ টাকা পাওয়া যায়। যাতে গত দুই দিনে অস্বাভাবিক লেনদেন হয়েছে।

মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসেন আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। সেজান মাহফুজের বাবা আব্দুল বারী ও মায়ের নাম মাহফুজা বেগম। তিনি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন।

শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহজনকভাবে ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।

আটকের পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি। ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের অংশ হিসেবে তিনি কাজ করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একজনের প্রক্সি দিয়েছেন বলেও প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ড এর সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। উনাকে আমরা পুলিশের কাছে সোপার্দ করেছি। পুলিশ সুষ্ঠ তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য আমাদের সামনে তুলে আনবে এবং সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এমন কাজ না করতে পারে তার ব্যবস্থা করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.