নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি থাকার কথা নয়। আমি বলেছিলাম বেসরকারি স্কুল-কলেজের পুরো কমিটিকেই বাতিল করতে, কিন্তু কোনো কারণে বোধহয় শুধু সভাপতিকে বাতিল করা হয়েছে। আসলে পুরো কমিটিকেই বাতিল করার কথা, কারণ এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি।
বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে। অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখনও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারিনি। টেস্ট, প্রি–টেস্টের মূল্যায়ন পত্র শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া হবে।
পরীক্ষার্থীদের কোনো পয়েন্ট বা সিজিপিএ দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মাথায় এখনো এটা ধরছে না। আমি এ সম্পর্কে চিন্তাও করিনি। গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার ফলে আমি এখনো চিন্তা করার সুযোগ পাইনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১২-১৩ লাখ, সচিবালয়ে যারা এসেছিল তাদের মতামতই সবার মতামত কি না তা যাচাই করার সুযোগ নেই।
তবে, দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, সব কেন্দ্র পরীক্ষা নেওয়ার উপযোগী নয় এবং প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জকেও বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান মাহমুদ।
সচিবালয়ের ভেতরে মঙ্গলবার শিক্ষার্থীদের ঢুকে পড়াটাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
