নিজস্ব প্রতিবেদক।।
সব প্রস্তুতি নিয়েও জাপান সরকারের নিষেধাজ্ঞার কারণে সে দেশে যেতে পারছে না বাংলাদেশসহ বিভিন্ন দেশের কয়েক হাজার শিক্ষার্থী। আর এই নিষেধাজ্ঞার কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বহু শিক্ষার্থীর জীবন। তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন সরকারের পক্ষ থেকে জাপান সরকারের সাথে আলোচনার ভিত্তিতে বিষয়টি সুরাহা করে অচিরেই শিক্ষার্থীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ছাত্রদের জাপানে যাওয়ার পথ উন্মুক্ত করা হয়।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশী শিক্ষার্থীরা সরকারের কাছে এসব দাবি জানান। তারা বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জাপান প্রবেশে নিষেধাজ্ঞা শিথিলে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে সমস্যার সুরাহা করা দরকার। বিশেষ করে জাপানে পড়তে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থী ও অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাংগুয়েজ ইনস্টিটিউট ইন বাংলাদেশের (আজলিব) পক্ষে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আজলিবের সাধারণ সম্পাদক মো: ওয়াকিল আহমেদ। তিনি বলেন, জাপানে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা করোনার কারণে প্রায় দুই বছর ধরে আটকে আছে। তাদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীর পাশাপাশি সবচেয়ে বড়সংখ্যক জাপানিজ স্কুলে ল্যাংগুয়েজ প্রোগ্রামের শিক্ষার্থীরা। ওয়াকিল আহমেদ বলেন, জাপান যাওয়া বন্ধ থাকায় শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মানসিক চাপ বাড়ছে।
দীর্ঘদিনের ভাষা শিক্ষা ও অন্যান্য প্রস্তুতির পরও এমন থমকে যাওয়ায় হতাশায় পড়তে যাচ্ছে সব শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, আমরা জাপান সরকারের সব সিদ্ধান্তকে সম্মান করি। গত ২৮ জানুয়ারি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণের অংশ হিসেবে নতুন বিদেশীদের আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাপান সরকার, যা ফেব্রুয়ারির শেষের দিকে তুলে দেয়ার কথা থাকলেও তা সম্ভব হবে কি না সে ব্যাপারে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় রয়েছে।
এ দিকে এর মধ্যেও ২০ দিন ভিসার আবেদনের জন্য সব খোলা থাকলেও সেটিও বন্ধ করে দেয়া হয়। জানুয়ারির শেষ দিকে সরকারি বৃত্তি পাওয়া ৮৭ জন বিদেশী শিক্ষার্থীকে জাপান সরকার বিশেষ বিবেচনায় প্রবেশ করতে দিয়েছিল। জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, জাপান সরকারকে জানাতে চাই, আমাদের শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব সুরক্ষা মানতে প্রস্তুত। পর্যাপ্ত টিকা, চিকিৎসকের পরামর্শ, কোয়ারেন্টিন সবকিছু মেনেই জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীরা।
আশা করছি, জাপান সরকার বর্তমানে হতাশাগ্রস্ত মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের কথা বিশেষ বিবেচনা করবে। বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা তুলে জাপানে প্রবেশ করতে দেয়ার জন্য আহ্বান জানান তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
