১১ অধিদপ্তর ও সংস্থা পেল নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক।।

খাদ্য ও পরিবেশ অধিদপ্তরসহ ১১ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) দেওয়া হয়েছে। এ ছাড়া তিন কর্তৃপক্ষের দায়িত্বে আনা হয়েছে নতুন চেয়ারম্যানকে। আজ রোববার এসব রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে পাঠানো হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে পাঠানো হয়েছে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক পদে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা /এ/ ২৭ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.