নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, কোভিড বাস্তবতায় টেকসই উন্নয়ন নিশ্চিতে দক্ষ জনশক্তি তৈরি করতে জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টি করতে হবে। নতুন বিশ্ব ব্যবস্থায় জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির কোন বিকল্প নেই।
শনিবার অনলাইন প্লাটফর্মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩তম বার্ষিক সিনেট অধিবেশনে তিনি এ কথা বলেন।
অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার ২০২১-২২ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৮১৫ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার বাজেট পেশ করেন। অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন ও সংবিধিন সংশোধন অনুমোদন হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সমাজে সৎ ও শিক্ষিত মানুষের মর্যাদা যদি প্রতিষ্ঠা করা না যায় তাহলে আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান বিকশিত করা দুঃসাধ্য হয়ে ওঠে। কেননা শিক্ষার্থীরাও তাদের সমাজের বাস্তব চিত্র থেকে কিছু শেখে, আত্মস্থ করে এবং তাদের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য-প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এখন বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে।
এ অধিবেশনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্ম্দ ফরাসউদ্দিন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
