এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮১৫ কোটি টাকার বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩তম সিনেট অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৮১৫ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার বাজেট পেশ ও অনুমোদন করা হয়েছে।

শনিবার সিনেট অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জন ও সংবিধি সংশোধন অনুমোদন হয়।

সিনেট অধিবেশনে সভাপতি করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান অদ্যাপক ড. মো. মশিউর রহমান। সিনেট অধিবেশন সঞ্চালনা করেন সিনেট সচিব রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, ঢাবি অধ্যাপক মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক প্রমুখ।

এছাড়া জাতীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, মাউশির ডিজি অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারবৃন্দ, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৫৬ জন সম্মানিত সিনেট সদস্য এবং ৬ জন আমন্ত্রিত অতিথি অধিবেশনে সংযুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, নতুন বিশ্বব্যবস্থায় জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির কোনো বিকল্প নেই। কোভিড বাস্তবতার মুখোমুখি হয়ে নতুন পৃথিবীর চ্যালেঞ্জে টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি করতে হলে আমাদের অবশ্যই জ্ঞান-বিজ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টি করতে হবে। যৌক্তিক সমাজ সৃষ্টি করতে হবে।

সিনেটের চেয়ারম্যান ড. মশিউর রহমান বলেন, সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং যোগ্য মানুষের প্রাপ্য অধিকার আমাদের সমাজে অবশ্যই সৃষ্টি করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.