নিউজ ডেস্ক।।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে যেসকল শিক্ষার্থী প্রবেশ এবং অবস্থান করছে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। শনিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় এই নির্দেশ দেয়া হয়।
সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন এবং প্রক্টর উপস্থিত ছিলেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ বেশ কয়েকটি হলে জোরপূর্বক উঠে পড়ে কিছু শিক্ষার্থী। হল প্রশাসন শিক্ষার্থীদের সাথে সমোঝোতা করতে ব্যর্থ হলে আজ শনিবার সন্ধায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা ডাকে উপাচার্য।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যারা হলে প্রবেশ এবং অবস্থান করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাবির কয়েকটি আবাসিক হলের তালা ভেঙে যারা প্রবেশ করেছে এবং হলের বৈদ্যুতিক লাইন ও পানির সংযোগ নিজ দায়িত্বে চালু করে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করেছে, তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুধু অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের যেসকল আবাসিক শিক্ষার্থী অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি ও SOP (Standard Operating Procedure) অনুসরণ করে টিকার কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখিয়ে আগামী ৫ অক্টোবর ২০২১ সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবে। পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে একই শর্তে যত দ্রুত সম্ভব অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসিক হলে ওঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
