এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর যেসব শর্ত মানতে হবে

নিউজ ডেস্ক।।

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে সকল স্কুল-কলেজ খুলছে। তবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানতে হবে বেশ কিছু শর্ত। খবর বিবিসি বাংলার

শুধু তাই নয় খোলার পর এসব শর্ত ঠিক মতো পালন হচ্ছে কিনা বা স্কুল খোলার পর করোনা সংক্রমণ পরিস্থিতি কেমন হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক উইং এর পরিচালক মোঃ বেলাল হোসাইন জানান, আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো এবং প্রতিটি স্কুলের ওপর প্রতি সপ্তাহে রিপোর্ট দেয়া হবে। যেখানে পর্যাপ্ত শ্রেণি কক্ষ নেই সেখানে বিকল্প দিনে ক্লাস হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড: সৈয়দ মোঃ গোলাম ফারুক বলছেন, ৩টি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। সেগুলো হলো– ১. তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ব্যবস্থা করা। ২. প্রবেশের পর স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে মাস্ক ব্যবহার। ৩. সামাজিক দূরত্ব বজায় রাখা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববার এ সংক্রান্ত একটি বৈঠক হবে মন্ত্রণালয়ে এবং সেখানেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় চূড়ান্ত করা হবে।

কী ধরনের নির্দেশনা গেছে?

১. সরকারিভাবে স্কুলগুলোতে ইউনিসেফের সহায়তায় তৈরি করা একটি নির্দেশনা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানের সময় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারী সবাইকে সবসময় মাস্ক পরতে হবে।

২. শিক্ষার্থীদের ৩ ফুট শারীরিক দূরত্বে রাখা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রতিদিন নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কথা আছে।

৩. নির্দেশনা অনুযায়ী শ্রেণি কক্ষে ৫ ফুটের চেয়ে ছোট আকারের বেঞ্চিতে একজন ও এর চেয়ে বড় আকারের বেঞ্চিতে দুজন শিক্ষার্থী বসানো যাবে।

৪. কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী প্রথম দিকে পাবলিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাই বেশি আসবে। বাকিদের স্কুলে আসার জন্য রোটেশন সিস্টেম অর্থাৎ আজ যারা আসবে তারা কাল আসবেনা-এই নীতি অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে।

৫. ১২ সেপ্টেম্বরের আগেই স্কুলগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করা ছাড়াও স্কুলে করোনা সংক্রান্ত ব্যবস্থা অর্থাৎ হাত ধোয়া, তাপমাত্রা পরীক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশনা দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.