অনলাইন ডেস্ক।।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৭ অক্টোবর স্কটল্যান্ড দিয়েই শুরু হবে বাংলাদেশ দলের মিশন।
১৭ অক্টোবর পর্দা উঠে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। বাংলাদেশ দল এই পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে স্থানীয় সময় ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায় এবং পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্থানীয় সময় ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ অক্টোবর মাহমুদউল্লাহ রিয়াদরা নামবে ওমানের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।
প্রথম পর্বে ‘এ’ গ্রুপে লড়বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের চাম্পিয়ন আর রানার্সআপ দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। রানার্সআপ হলে সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষ হবে গ্রুপ-১ এ থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই।
সুপার টুয়েলভে ম্যাচ হবে সর্বমোট ৩০টি। দুবাই, আবুধাবি ও শারজায়; এই তিন ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ড শেষে বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
