এইমাত্র পাওয়া

শিক্ষা কারিকুলাম সংশোধন করা হচ্ছে

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নসহ কারিগরি ও আইসিটি শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে সরকার। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে প্রাথমিক স্কুলশিক্ষকদের ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির

বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রছাত্রীরা বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ছে। কিন্তু তাদের অনেকে ইংরেজিতে দুর্বল। এ দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষক প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ব্রিটিশ কাউন্সিল যে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে। এ জন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শিগগিরই পাইলটিং শুরু হবে। এর পর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.