বিনোদন প্রতিবেদক ||
সারা দেশে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দরিদ্র মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় বিপাকে পড়েছেন তারা। রাতে আগুন জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করে যাচ্ছেন। শীতার্ত এসব মানুষের কথা চিন্তা করে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ছুটে গিয়েছেন নিজ এলাকা বগুড়ায়।
বুধবার (৩০ ডিসেম্বর) অপু বিশ্বাস বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন—‘শীতে স্বল্প আয়ের মানুষদের বেশি কষ্ট হয়। তাদের ঘরে শীতবস্ত্র বা কম্বল পর্যাপ্ত থাকে না। আমি দেখেছি আমার এলাকার অনেক শীতার্ত মানুষ রয়েছেন। তাদের কষ্ট আমাকে ব্যথিত করে। তাই ঢাকা থেকে কিছু কম্বল নিয়ে এসেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। সবার কাছে প্রত্যাশা, সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। করোনার এই সময়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। কারণ এখন সচেতন থাকটা খুব জরুরি।’
এর আগেও অপু বিশ্বাস অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে করোনা সংকটের শুরুতে দিনমজুরদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন তিনি।
অপু বিশ্বাস সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
