নিজস্ব প্রতিনিধি।।
শতবর্ষ পূর্ণ করতে চলেছে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী বছরের ১ জুলাই ১০০ বছর পূর্ণ করবে বিশ্ববিদ্যালয়টি। ১৯২১ সালে প্রতিষ্ঠিত হলেও গবেষণা কর্মে পিছিয়ে থাকা এ বিশ্ববিদ্যালয় এবার প্রস্তুতি নিয়েছে মানসম্মত ও প্রায়োগিক গবেষণার। শতবর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে আহ্বান করা হয়েছে গবেষণা প্রস্তাব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং নিজস্ব উদ্যোগে মোট চারটি প্রকল্পের অধীনে শতবার্ষিক গবেষণা প্রকল্প চালাবে বিশ্ববিদ্যালয়। এ চারটি প্রকল্পে পাঁচ শতাধিক শিক্ষক গবেষণা প্রস্তাব জমা দেবেন বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘকাল ‘টিচিং ইউনিভার্সিটি’ হিসেবে ছিল। সে জায়গা থেকে বের হয়ে ‘রিসার্চ ইউনিভার্সিটিতে পরিণত হতে কাজ শুরু করেছে। এসবের জন্যই উদ্যোগ নেওয়া হয়েছে গবেষণাপত্র প্রকাশের। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছেন। এ ব্যাপারে শিক্ষকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবোজ্জ্বল স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আর গবেষণা কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মান উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবস্থাপনা ও তা কীভাবে মানুষের কল্যাণে ব্যয় করা যায় আমরা তার চিন্তা করছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেওয়া তথ্যানুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ৮ নভেম্বরের মধ্যে এসব গবেষণা প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে হবে। গবেষণা কাজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটের বাইরে বরাদ্দ থাকবে। আলাদাভাবে প্রতিটি গবেষণা কর্মের জন্য ৩ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে—বিষয়ভিত্তিক গবেষণা প্রকাশের জন্য শতবার্ষিক গবেষণা অনুদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের বই সিরিজ প্রকল্প, শতবার্ষিক গবেষণা অনুদান (সিআরজি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গবেষণা অনুদান। এর প্রথম দুটি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে, তৃতীয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং শেষ প্রকল্পটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ইউজিসির প্রকল্পটিতে ৩ লাখ, শতবার্ষিক গবেষণা অনুদানের জন্য ৫ লাখ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পে ১০ লাখ ও বই প্রকাশের জন্য প্রস্তাবপ্রতি সর্বোচ্চ ৭ লাখ টাকা বরাদ্দ থাকবে।
এসব প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সংস্কৃতি এবং অবদান তুলে ধরা, জাতীয় এবং আন্তর্জাতিক লক্ষ্য অর্জন, মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলো নিয়ে গবেষণা, শিক্ষা খাতের বিশেষায়িত বিষয়গুলো নিয়ে অদূর ভবিষ্যতের পরিকল্পনা, উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে পারে এমন গবেষণার চিন্তা করা হচ্ছে। তবে গবেষণার জন্য কোনো ক্ষেত্র নির্দিষ্ট করে দেয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক চাইলে নিজের পছন্দ অনুযায়ী গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
