এইমাত্র পাওয়া

করোনার ভ্যাকসিন কিনতে ২৫ কোটি টাকা দেবে এডিবি

কোভিড-১৯ ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। জাপানের আর্থিক সহায়তা এডিবির গঠন করা ‘এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে এই অর্থ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার এ নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে চুক্তি সই হয়। ভার্চুয়াল মাধ্যমে চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফরিদা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশকে কোভিড ভ্যাকসিন কেনার জন্য এই অর্থ দেওয়া হচ্ছে।

বর্তমানে ভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন বানানোর চেষ্টা চলছে।

বাংলাদেশ তার জনগণের জন্য দ্রম্নত এই ভ্যাকসিন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এখন পর্যন্ত ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র- এই চারটি দেশ থেকে করোনার ভ্যাকসিন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের করোনা সংকট মোকাবিলায় এ পর্যন্ত ৬০ কোটি ৩৫ লাখ ডলারের বেশি দিয়েছে এডিবি। এর মধ্যে গত ৭ মে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নানা ধরনের ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেওয়া হয়েছে। এর আগে ৩০ এপ্রিল সহজ শর্তে ১০ কোটি ডলার জরুরি সহায়তা দেওয়া হয়েছিল। এ ছাড়া কোভিড থেকে নানা ধরনের চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী কেনার জন্য আরও প্রায় ৩৫ লাখ ডলার অনুদান পেয়েছে বাংলাদেশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.