এইমাত্র পাওয়া

পদোন্নতি পেলেন বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২২০ কর্মকর্তা

নিউজ ডেস্ক।।

বিলুপ্ত বিসিএস ইকোনমিক ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২২০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। ২০০৬ সালের ২৬ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে এসব কর্মকর্তার পদোন্নতি কার্যকর ধরা হয়েছে। তবে তারা পদোন্নতি কার্যকরের তারিখ থেকে বেতন-ভাতা পাবেন না। নতুন পদে যোগদানের তারিখ থেকেই এ সুযোগ-সুবিধা পাবেন।

পদোন্নতির পর এসব কর্মকর্তাকে পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে গতকাল মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দুই ক্যাডারের সম্মতিতে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে সরকার। এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছিল, সরকারি কর্মকমিশনের সমন্বিত মেধা তালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকোনমিকক্যাডারের কর্মকর্তা এবং ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা স্ব স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে। ইকোনমিক ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিসেস (রি-অর্গানাইজেশন) অর্ডার, ১৯৮০’ সংশোধন করে ‘বিসিএস ইকোনমিক’ শব্দগুলো বিলুপ্ত করা হয়েছে।

১৯৯৮ সালে জনপ্রশাসন সংস্কার কমিশন নতুন ক্যাডার গঠন না করে ক্যাডারের সংখ্যা কমানোর পক্ষে সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে যেসব ক্যাডারের কাজের ধরন একই, সেসব ক্যাডারকে একীভূত করতে সরকারের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.