নিউজ ডেস্ক ।।
শিক্ষা ক্যাডারের যাবতীয় সমস্যা শিগগিরই সমাধান করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত শিক্ষাবান্ধব। তার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এক্ষেত্রে শিক্ষা ক্যাডারের অবদান অনস্বীকার্য।’
বৃহস্পতিবার (২ জুলাই) ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডার ফোরামের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
২৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে এ ভার্চুয়াল আলোচনা সভায় আরও সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক প্রশাসন প্রফেসর শহিদুল খবীর, ২৪ তম বিসিএসের অল ক্যাডার ফোরামের সভাপতি নরসিংদী জেলার এসপি প্রলয় কুমার জোয়ারদার সহ ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যবৃন্দ। ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের সাধারণ সম্পাদক এস এস সাইফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে যত দুর্নীতি আছে তা নির্মূল করা হবে। সে ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলকে তার নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বর্তমানে শিক্ষা ক্যাডারদের যত সমস্যা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে। ইতোমধ্যে এনটিআরসি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা ক্যাডারদের সকল সমস্যা সমাধান করা হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
