নিউজ ডেস্ক।।
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের মাত্রা অনুসারে তিনভাগে ভাগ করেছে সরকার। এর মধ্যে সরকার ঘোষিত রেড জোনগুলোতে টহল দিবে বাংলাদেশ সেনাবাহিনী। ১৬ জুন, মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোনসমূহে সরকারি নির্দেশনাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে। করোনা প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে গত ২৪ মার্চ থেকে সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে।
করোনা মহামাীর প্রকোপ ক্রমাগত বাড়তে থাকায় পাড়া-মহল্লা, ওয়ার্ড ও এলাকাভিত্তিক সারাদেশকে রেড, ইয়োলো ও গ্রিন (লাল, হলুদ, সবুজ) এই তিন জোনে ভাগ করে পর্যায়ক্রমে লকডাউন করা হচ্ছে। এর মধ্যেই বেশকিছু এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া রেড জোনেও সেনাবাহিনী টহল দিচ্ছে।
রেড জোনে সাধারণ ছুটি থাকবে ১৬ থেকে ৩০ জুন। এসব অঞ্চলে বসবাসকারী সরকারি কর্মকর্তাও এই ছুটির আওতায় পড়বেন। হলুদ ও সবুজ অঞ্চলে সীমিত পরিসরে খোলা থাকবে সবকিছু।
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১২৬২ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৮৬২ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬২৬৪ জন।
১৬ জুন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
