এইমাত্র পাওয়া

শিক্ষার্থীরা মোবাইলের এসএমএস এ পাবে এসএসসির ফল

নিজস্ব প্রতিনিধি।।

সব পরিস্থিতি বিবেচনা করে এবারের এসএসসির ফল প্রকাশে বিলম্ব হতে পারে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ফলাফল প্রস্তুত করতে অন্তত ২০ দিন সময় লাগবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এম এম আমিরুল ইসলাম রোববার রাতে বলেন, “এসএসসির ফলাফল নিয়ে আমরা কাজ করছি। তবে সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর।”

এদিকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে এসএমএস করে পাঠাবে যশোর শিক্ষা বোর্ড।

কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সরবরাহকৃত মোবাইল নম্বরে তাদের মাধ্যমিকের ফল বিনা খরচে পৌঁছে যাবে বলে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন।

তিনি রোববার রাতে বলেন, “এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বর যশোর বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের এসএসসি শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল নম্বর এন্ট্রি করতে যশোর বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক রুদ্র।

তিনি বলেন, বেশিরভাগ শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। এরপরেও কোনো শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর না থাকলে ওই শিক্ষার্থী যে মোবাইল নম্বর সরবরাহ করবে সেটিতেই ফল পাঠানো হবে।

“যদি শতভাগ শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর না-ও পাওয়া যায়, আমরা যতজনের পাব ততজনের ফলই ওই নম্বরে পাঠাব।”

সাধারণত কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশের পর যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যায়। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.