নিউজ ডেস্ক ।।
মহামারি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে একজন সাধারণ রিকশাচালক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন।
শনিবার (২৮ মার্চ) রাতে জয়পুরহাট শহরের পাচুর মোড়ে আলমগীর হোসাইন নামে এই রিকশাচালককে দেখা যায়।
তিনি তার রিকশায় যাত্রী ওঠানোর আগে যাত্রীর মাস্ক আছে কী-না তা নিশ্চিত হচ্ছেন, তারপর যাত্রীর শরীরে জীবাণু নাশক স্প্রে ছিটিয়ে নিচ্ছেন। এরপরই তিনি রিকশায় যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দ্যেশে রওনা হচ্ছেন।
২২ বছর বয়সি আলমগীর টাকার অভাবে বেশিদূর লেখা পড়া করতে পারেননি। ছোটবেলা থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি পৌর শহরের ভেটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আমতলী থেকে শহরের পাচুর মোড়ে আসা কাজী আরিফুর রহমান ছোটন নামে এক যাত্রী জানান, আমতলী থেকে রিকশায় ওঠার আগে হোসাইন আলমগীর জিজ্ঞেস করেন, মাস্ক আছে কী-না? মুখে মাস্ক থাকলে নিয়ে যাবেন বলে জানান। মাস্ক মুখে দেওয়ার পর তার শরীরে জীবাণুনাশক স্প্রে দেন আলমগীর। এরপর তাকে পাচুর মোড়ে পৌঁছে দেন। এরজন্য তিনি আলাদা কোনো অর্থ নেননি।
এ বিষয়ে আলমগীর বলেন, ‘বিভিন্ন টিভি চ্যানেলের খবরে দেখেছি করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা মোকাবেলায় আমাদের সচেতন থাকতে হবে। তাই, এক সপ্তাহ থেকে নিজ খরচে যাত্রীদের শরীরে জীবাণুনাশক স্প্রে দেওয়া শুরু করি। আমি মনে করি, সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাবো।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
