বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে এবার প্রাথমিকের ২৫ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সাজানো হবে বলে জানা গেছে।
তথ্য মতে, এসব শিক্ষার্থীদের সাদা পাজামা-পাঞ্জাবি, মুজিব কোট ও কালো চশমা পরিয়ে তাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট। এতে দেশের ৮টি বিভাগের বিজয়ী ৮টি ছেলে ও ৮টি মেয়ে দল অংশ নেবে। ২১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলে ও মেয়েদের পৃথক ম্যাচে ফাইনাল খেলা হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এদিন (২১ মার্চ) ফাইনাল খেলার দিন সারাদেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে খেলার মাঠে উপস্থিত করা হবে। এসব শিক্ষার্থীকে কালো চশমা, সাদা পাজামা-পাঞ্জাবি ও কালো রঙের মুজিব কোট পরানো হবে। ড্রেস পরিধানের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা শেষে অনুমোদন হয়েছে।
পাশাপাশি সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রস্তাব অনুযায়ী টুর্নামেন্টের সর্বক্ষেত্রে ‘চল সবাই স্কুলে যাই’ এবং মুজিব জন্মশতবর্ষের লোগো ব্যবহারের বিষয়ে অনুমোদন দেয়া হয়।
এছাড়া ফাইনালের দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়ারও নির্দেশনা দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
