এইমাত্র পাওয়া

ফুলেল শুভেচ্ছা নেননি ডেপুটি স্পিকার, শিক্ষকদের উপর ক্ষুব্ধ

নিউজ ডেস্ক।। 

নেত্রকোনার কলমাকান্দায় আমন্ত্রণ ছাড়াই নিজের বিদ্যাপীঠে গিয়ে ফুলের শুভেচ্ছা প্রত্যাখ্যান করে শিক্ষকদের উপর ক্ষোভ ঝাড়লেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ে পৌঁছার পর শিক্ষকরা ফুল দিয়ে বরণ করতে এগিয়ে আসেন । এসময় তিনি ফুলেল শুভেচ্ছা নেননি। উল্টো ক্ষোভ ঝাড়লেন শিক্ষকদের উপর।

তিনি বলেন, ‍‘আমি অপেক্ষা করছিলাম স্কুল থেকে আমাকে আমন্ত্রণ জানানো হবে। কেউ ডাকে নাই। আমি নিজেই প্রোগ্রাম দিয়েছি। আমিই আপনাদের কাছে আসছি।’

পরে বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বসেন ডেপুটি স্পিকার। সেখানে তিনি বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক বিষয় নিয়ে খোঁজ খবর নেন। ২৮ শিক্ষকের বিপরীতে ১৫ জন শিক্ষক থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন। একইসঙ্গে দীর্ঘ ৮ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনার বিষয়েও প্রশ্ন তোলেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি মনে করেন না যে, এই এলাকায় একজন এমপি আছেন? আমি ১৭ তারিখ শপথ নিলাম, আর আপনারা আমাকে না জানিয়েই ডিমান্ড নোটিশ পাঠিয়ে দিলেন। নির্বাচিত প্রতিনিধির সাথে সমন্বয় না করায় সমালোচনা করেন তিনি।

তিনি বলেন ‘আপনারা ফুল নিয়ে বাড়িতে চলে যান। আমি সেই ধরনের এমপি নই।’

শিক্ষকদের মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আপনারা নিজেদেরকে শিক্ষক হিসেবে ভাবুন। কোনো দলীয় নেতা বা দলের কাছে ধরনা দিতে হবে না।

তার এমন স্পষ্ট ও কড়া বক্তব্যের পর বিদ্যালয়ের শিক্ষক ও উপস্থিত অন্যান্যদের মাঝে নীরবতা নেমে আসে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.